Dailyhunt
Shruti Das: 'স্বর্ণর প্রেমে পড়ে একা একা..', বৃষ্টির দিনে শৈশব ও প্রেমের স্মৃতিতে ডুবে শ্রুতি

Shruti Das: 'স্বর্ণর প্রেমে পড়ে একা একা..', বৃষ্টির দিনে শৈশব ও প্রেমের স্মৃতিতে ডুবে শ্রুতি

কাশ কালো করে মেঘ জমলে বা ঝমঝমিয়ে বৃষ্টি নামলে অনেকেরই মন ভালো হয়ে যায়। কিন্তু অভিনেত্রী শ্রুতি দাসের কাছে এই বৃষ্টি যেন এক 'টাইম মেশিন'। যা তাঁকে মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় কাটোয়ার সেই ন্যাড়া ছাদে কিংবা বাবার সাইকেলের পিছনে। বৃহস্পতিবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে নিজের মনের লুকোনো সব আবেগ উগরে দিলেন 'রাঙা বউ' খ্যাত এই অভিনেত্রী।

স্মৃতির সরণিতে শৈশব:

শ্রুতির কলমে উঠে এল ছোটবেলার সেই দিনগুলো, যখন গালভরা হাসি নিয়ে মায়ের হাত ধরে বৃষ্টিতে ভিজতেন তিনি। মনে পড়ল নাচের স্কুল থেকে ফেরার পথে বাবার সাইকেলের পিছনে বসে প্যান্ট গুটিয়ে জলের ছিটে খাওয়ার আনন্দ। নার্সারির গাছ দেখতে দেখতে মায়ের সাথে বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ি ফেরার সেই স্মৃতি আজও শ্রুতির গলার কাছে দলা পাকিয়ে কান্না আনে।

স্বর্ণেন্দুর প্রেম ও স্টুডিওর সেই যত্ন:

স্মৃতিচারণায় উঠে এল তাঁর বর্তমান স্বামী, পরিচালক স্বর্ণেন্দু সামাদ্দারের সঙ্গে প্রেমের শুরুর দিনগুলো। তখন 'ত্রিনয়নী'-র সেট। শ্রুতি লিখলেন, 'মনে পড়ে স্বর্ণর (স্বর্ণেন্দু) প্রেমে পড়ে একা একা ভারতলক্ষ্মী স্টুডিওতে ভিজে ভিজে নাচ করা, দূর থেকে তাকে একঝলক দেখা... চোখাচুখি হওয়ার পর তার ইশারা করে আমায় মেকাপ রুমে ঢুকতে বলা যাতে আমার ঠাণ্ডা না লেগে যায়।' সেই যত্নের মুহূর্তগুলো আজও শ্রুতির কাছে অন্যতম সেরা 'বৃষ্টিভেজা সময়'। তবে স্মৃতির গহীনে এমন কিছু বিষণ্ণতাও লুকিয়ে আছে, যা নিয়ে শ্রুতির আক্ষেপ- সেই বইয়ের পাতাগুলো তিনি ছিঁড়ে ফেলেছেন, তাই সেই গল্প আর কাউকে বলা হবে না।

বড় হওয়ার যন্ত্রণা ও বাবা-মায়ের চিন্তা:

আজ শ্রুতির জীবনে সাফল্য আছে, সংসার আছে। কিন্তু নেই সেই নিশ্চিন্ত শৈশব। বাবা-মায়ের বয়স বাড়ছে, বাবার শরীরটাও ইদানীং ভালো যাচ্ছে না। মা একা হাতে সব সামলাচ্ছেন। শ্রুতির আক্ষেপ- 'আচ্ছা, বড় হতে চাইতাম বরাবর কিন্তু তখন কেন বুঝিনি আর একটু রয়ে সয়ে বড় হতে হতো।' মধ্যবিত্ত মানসিকতার শিকড় ছিঁড়ে বেরোতে না পারা এক মেয়ের হাহাকার ফুটে উঠল তাঁর লেখায়। তাঁর প্রশ্ন- আবেগপ্রবণ বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তানদের ভবিষ্যৎ ঠিক কেমন হয়?

আলোর প্রার্থনা:

নিজের জীবনের ফেলে আসা কিছু 'জমাট বাঁধা অন্ধকারের' কথা বললেও, শ্রুতি সবার জন্য আলো ও প্রেমের প্রার্থনা করেছেন। পোস্টের শেষে তাঁর কাতর অনুরোধ, 'সবার জীবনে আলো থাক, প্রেম থাক, কাজ থাক, সর্বোপরি বাবা মা থাক।' বৃষ্টির জলে চোখের জল ধুয়ে যায় ঠিকই, তাও মনের কোণে জমে থাকা নস্টালজিয়াগুলো যেন শ্রুতির পোস্টে এক দীর্ঘশ্বাসের মতো ঝরে পড়ল।

ত্রিনয়নী সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্রুতি। সেই সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। নায়িকার তরফেই গিয়েছিল প্রথম প্রেমের প্রস্তাব। প্রেমর সফর পার করে এখন তাঁরা আইনত স্বামী-স্ত্রী। সামাজিক বিয়ের অপেক্ষায় অনুরাগীরা। বর্তমানে জোয়ার ভাঁটা ধারাবাহিকে নিশার চরিত্রে দেখা মিলছে তাঁর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali