Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে রাহুলকে নিশানা বিজেপির, 'ডেড ইকোনমি' মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি

য়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হওয়ায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি। দলের অভিযোগ, বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা প্রধান অর্থনীতিকে 'ডেড ইকোনমি' বলেছিলেন রাহুল। এই মন্তব্যের জন্য তাঁর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিজেপির দাবি, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের শক্তিশালী বৃদ্ধির হার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও সরকারের অর্থনৈতিক নীতির ফল।

দলের সাংসদ রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় সংকট, তেল সরবরাহ নিয়ে সমস্যা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও সংশ্লিষ্ট ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৭.৮ শতাংশ বেড়েছে। একই সময়ে জার্মানির বৃদ্ধির হার ছিল ১ শতাংশ, ব্রিটেন ও আমেরিকার ২.১ শতাংশ, কানাডার ১.৫ শতাংশ এবং মালয়েশিয়ার ৬ শতাংশ। তাঁর দাবি, এই পরিসংখ্যানই দেখাচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে চাপ থাকা সত্ত্বেও ভারত অন্যান্য বড় অর্থনীতির তুলনায় ভালো করছে।

রবিশঙ্কর প্রসাদ বলেন, এর জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, অর্থমন্ত্রকের আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারের অর্থনৈতিক নীতির কৃতিত্ব রয়েছে। রাহুল গান্ধীর 'ডেড ইকোনমি' মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৭.৮ শতাংশ বৃদ্ধির হারই তাঁর দাবির যথাযথ জবাব। বিজেপির অভিযোগ, রাহুল নিয়মিত দেশের অর্থনীতি নিয়ে ভুল বক্তব্য দিয়ে মানুষের মনোবল দুর্বল করার চেষ্টা করেন। এই কারণে তাঁর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিজেপি সাংসদ বলেন, ২০১৩ সালে ভারতীয় অর্থনীতিকে 'ফ্র্যাজাইল ফাইভ' এবং 'পলিসি প্যারালাইসিস'-এর মতো সমস্যায় থাকা অর্থনীতি হিসেবে দেখা হতো। অথচ বর্তমানে ৭.৮ শতাংশ বৃদ্ধির হার নিয়ে ভারত বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা প্রধান অর্থনীতিগুলির অন্যতম। তাঁর দাবি, উৎপাদন, বাণিজ্য, পরিষেবা ও নির্মাণ ক্ষেত্রের ভালো পারফরম্যান্সের পাশাপাশি সরকারের নীতিও এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla