
নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ৫-তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দিল্লির মেহরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবারও চলছে উদ্ধারকাজ।
দিল্লি এইমস সূত্রের খবর, মেহরৌলি থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এইমস ট্রমা সেন্টারে ১০ জন রোগীকে আনা হয়। এই ১০ জন রোগীর মধ্যে দু'জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, পরে আরও দু'জনের মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, এই ধরনের সমস্ত অননুমোদিত ভবন এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ

