Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

(আপডেট) জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্ত উদয়নিধি স্ট্যালিন, তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

চেন্নাই, ৪ আগস্ট (হি. স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় ও অভিনেত্রী তৃষাকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-এর জেরে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমকে নেতা তথা তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন জামিনে মুক্তি পেলেন। মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাঁকে মুক্তি দিতে হবে।

একইসঙ্গে আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে, উদয়নিধিকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে উদয়নিধিকে আটক করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তাঞ্জাভুরে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

উদয়নিধির পক্ষে সওয়াল করে ডিএমকের আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ এন. আর. এলাঙ্গো বলেন, উদয়নিধির জনসভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক সমর্থন ছিল। সেখানে তিনি রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছিলেন। বুধবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন থেকে তাঁকে বিরত রাখতেই সরকার তাঁকে গ্রেফতারের চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি। পরে সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করে জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তির সিদ্ধান্ত নেয় বলেও দাবি করেন এলাঙ্গো।

প্রসঙ্গত, সোমবার এক জনসভায় অভিনেত্রী তৃষাকে ঘিরে বিতর্কিত স্লোগান ওঠার পর উদয়নিধির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মঙ্গলবার তাঁর গ্রেফতারের প্রতিবাদে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ডিএমকে নেতা-কর্মীরা বিক্ষোভে সামিল হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla