
রুদ্রপ্রয়াগ, ৩১ মে (হি.স.): অবিরাম বৃষ্টি ও খারাপ আবহাওয়ায় সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে কেদারনাথ যাত্রা। একটানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, গাড়োয়াল কমিশনার আনন্দ স্বরূপ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
তীর্থযাত্রীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, এই কথার ওপর জোর দিয়ে তিনি আধিকারিকদের সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার উন্নতি হলে এবং যাত্রাটি নিরাপদ বলে বিবেচিত হলে তা পুনরায় শুরু হবে। আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত থাকছে বলেই স্পষ্টভাবে জানানো হয়েছে।
অন্যদিকে, ভারী বৃষ্টির কারণে বদ্রীনাথ ও হেমকুন্ড সাহিব যাত্রাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে; পথ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তীর্থযাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শ্রীনগর (গাড়োয়াল)-এর তহসিলদার দীপক ভান্ডারি বলেন, "চরম প্রতিকূল আবহাওয়ার কারণে আজ তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে, কারণ রুদ্রপ্রয়াগ এবং চামোলিতে ভারী বৃষ্টির ফলে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমরা এখানে তীর্থযাত্রীদের যে কোনও সমস্যা, যেমন-যথাযথ স্যানিটেশন সুবিধা এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। আমরা খাবারের প্যাকেটেরও অর্ডার দিয়েছি, যা শীঘ্রই পাওয়া যাবে। আমাদের দল অক্লান্তভাবে কাজ করছে যাতে পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়। এটি একটি অস্থায়ী সতর্কতামূলক নিষেধাজ্ঞা।"
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ

