গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : অসমে ৯৬.৪ শতাংশ বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ ক্ষেত্রকে শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিকীকরণের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী বলেছেন, গত এক দশকে অসমের বিদ্যুৎ পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন এসেছে।
এক সময় শহরাঞ্চলেও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বর্তমানে রাজ্য প্রায় সম্পূর্ণ বিদ্যুতায়নের পর্যায়ে পৌঁছে গেছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নতি, গ্রিড নেটওয়ার্কের সম্প্রসারণ, শেষ মাইল পর্যন্ত সংযোগ নিশ্চিত করা এবং গৃহস্থালি বিদ্যুতের শুল্ক হ্রাস, এ সবই রাজ্যে বিদ্যুৎ সংযোগের পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, এই অর্জন বিদ্যুৎ পরিষেবার নাগাল বাড়ানো এবং সামগ্রিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। এর ফলে অসমের অসংখ্য পরিবার উপকৃত হয়েছে।
মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেই লক্ষ্যেই কাজ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

