Dailyhunt

অসুস্থ হয়ে মৃত্যু মালদার বিএলও-র

Hindusthan Samachar 3 months ago

মালদা, ৭ জানুয়ারি (হি. স.) : অসুস্থ হয়ে মৃত্যু হল মালদার এক বিএলও-র। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায়। মৃত বিএলও-র নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি পেশায় আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন।

মৃত বিএলও-র স্বামীর অভিযোগ, এসআইআরের কাজের প্রচণ্ড চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। এতেই গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু চাপ থাকায় অসুস্থতার মধ্যেও এসআইআরের কাজ চালিয়ে যেতে হচ্ছিল তাঁকে। তাতেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।

এদিন খবর পেয়েই মৃত বিএলও-র বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার গায়েত্রী ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, 'নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। যার পরিণতিতেই মৃত্যু হল।'

পালটা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অযোগ গঙ্গোপাধ্যায় বলেন, 'যে কোনও মৃত্যু দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্বে আছে তাঁরাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। তাতেই এসব সমস্যার সৃষ্টি হচ্ছে।'

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla