Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভবিষ্যতের সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না : সেনাপ্রধান

ভবিষ্যতের সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না : সেনাপ্রধান

পুণে, ৩০ মে (হি.স.): ভবিষ্যতের সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এমনই তাৎপর্য্যপূর্ণ মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একইসঙ্গে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। সাময়িকভাবে যুদ্ধবিরতি চলছে। ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার সকালে পুণের খাদকওয়াসলায় অবস্থিত ত্রি-বাহিনী একাডেমি ক্যাম্পাসে জাতীয় প্রতিরক্ষা একাডেমির ১৫০-তম কোর্সের পাসিং আউট প্যারেড (পিওপি) অনুষ্ঠানে যোগ দেন। এই প্যারেডের মাধ্যমে ৩৫৫ জন ক্যাডেট ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন।

সেনাপ্রধান এদিন বলেন, ভবিষ্যতের সংঘাত শুধু প্রচলিত যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত স্থল, আকাশ, সমুদ্র, মহাকাশ, সাইবার, তড়িৎচুম্বকীয় এবং জ্ঞানীয় ক্ষেত্র জুড়ে সংঘটিত হবে। অপারেশন সিঁদুর ভারতের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর একটি পরিমিত, সুনির্দিষ্ট ও উদ্দেশ্যমূলক জবাব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। এই অভিযানটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেছে। ভারতীয় সেনাবাহিনী এই পরিবর্তনগুলি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমরা এই রূপান্তরের দশকে নিজেদের একটি ভবিষ্যৎ-প্রস্তুত বাহিনীতে রূপান্তরিত করছি, যেখানে তরুণ প্রজন্মের ভূমিকা কেন্দ্রবিন্দুতে থাকবে।

সেনাপ্রধান আরও বলেন, তথ্যযুদ্ধ তখনই সফল হয়, যখন সমগ্র দেশ একত্রিত হয় এবং যারা তথ্য দিচ্ছে তাদের ওপর আস্থা রাখে। যদি এমনটা হয়, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, যে দেশ একে অপরকে এবং এই সকল অংশীদারদের বিশ্বাস করে, তারাই সর্বদা যুদ্ধে জয়ী হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla