Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারতের আর্থিক বিকাশ হারে খুশি প্রধানমন্ত্রী, আত্মনির্ভরতার বার্তা মোদীর

ভারতের আর্থিক বিকাশ হারে খুশি প্রধানমন্ত্রী, আত্মনির্ভরতার বার্তা মোদীর

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারতের আর্থিক বিকাশ হারে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আর্থিক বিকাশ হার ৭.৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্ৰধানমন্ত্রী মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, বিশ্বজুড়ে সংঘাত, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের দ্রুত অগ্রগতি দেশের সম্মিলিত শক্তি, সংকল্প ও পরিশ্রমের প্রতিফলন।

এই গতি ধরে রাখতে আত্মনির্ভর ভারত গড়ার উপরও জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি ভিডিও বার্তায় বলেন, আমাদের অবশ্যই 'স্বদেশী' এবং 'ভোকাল ফর লোকাল'-এর মন্ত্রকে আপন করে নিতে হবে। শুধুমাত্র বিনোদনের জন্য বিদেশ ভ্রমণ অথবা বিদেশে বিয়ের আয়োজন করা থেকে আমাদের বিরত থাকা উচিত; এর পরিবর্তে, 'ভারতেই বিয়ে'-র মন্ত্র মেনে চলা প্রয়োজন। এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকেও আমাদের বিরত থাকা উচিত। 'স্বদেশী' ও আত্মনির্ভরতার ওপর আমরা যত বেশি জোর দেব, আমি ততটাই নিশ্চিত, স্বাধীনতার শতবর্ষ পূর্তির সময় আমরা আমাদের তরুণ প্রজন্মের হাতে একটি 'বিকশিত ভারত' তুলে দিতে পারব। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেব। আসুন, আমাদের প্রচেষ্টায় কোনও ত্রুটি না রাখি। আমাদের নীতিগুলো সুদৃঢ় এবং আমাদের উদ্দেশ্য সৎ। ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত শক্তি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আসুন আমরা উদযাপন করি, দৃঢ় সংকল্প গ্রহণ করি এবং সেই সংকল্পকে বাস্তবে রূপ দিতে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla