Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভিনরাজ্যে নয়, রাজ্যেই কর্মসংস্থান হবে পরিযায়ী শ্রমিকদের, আশ্বাস মন্ত্রী দিলীপ ঘোষের

ভিনরাজ্যে নয়, রাজ্যেই কর্মসংস্থান হবে পরিযায়ী শ্রমিকদের, আশ্বাস মন্ত্রী দিলীপ ঘোষের

সোনারপুর, ৪ আগস্ট (হি. স.): সুন্দরবনের মানুষকে কাজের জন্য আর ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না। রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে এই বার্তা দেন তিনি।

মন্ত্রী জানান, পঞ্চায়েতের মাধ্যমে এলাকার মানুষ যাতে ১২৫ দিনের কাজ স্বচ্ছভাবে পান, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সুন্দরবনের নদী, জঙ্গল ও খাঁড়ি ঘেরা দুর্গম এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে প্রতিবছর বহু মানুষ জীবিকা হারিয়ে ভিনরাজ্যে পাড়ি দেন। এই পরিস্থিতি বদলাতেই একাধিক উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিনের বৈঠকে আবাস যোজনার সমীক্ষা নিয়েও আলোচনা হয়। ভৌগোলিক কারণে কিছু এলাকায় সমীক্ষা এখনও শেষ হয়নি। আগামী ৩১ আগস্টের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। স্বচ্ছভাবে কাজ হলে কেন্দ্রের বন্ধ থাকা অর্থ ফের পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

রাস্তা, পানীয় জল, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা বলেন মন্ত্রী। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন তিনি। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও দ্রুত পরিষেবামুখী করার উপরেও জোর দেন দিলীপ ঘোষ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla