Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিমার টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ, ৭৭ হাজার টাকা নিতে গিয়ে সিবিআইয়ের জালে এসবিআই শাখা প্রবন্ধক

বিমার টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষ, ৭৭ হাজার টাকা নিতে গিয়ে সিবিআইয়ের জালে এসবিআই শাখা প্রবন্ধক

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : ঝাড়খণ্ডের গোড্ডা জেলার ডুমরিয়া এলাকার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) শাখা প্রবন্ধক রোহিত কুমার সিংকে ৭৭ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এই ঘটনায় ব্যাঙ্কিং মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর প্রয়াত মায়ের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আওতায় প্রাপ্য ২ লক্ষ টাকার বিমার দাবি মঞ্জুর করার জন্য শাখা প্রবন্ধক ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযোগকারীর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁর নামে স্থানান্তরের পর ওই অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা তোলার উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ১৭ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। অর্থাৎ মোট ৭৭ হাজার টাকা দাবি করা হয়েছিল।

অভিযোগ পাওয়ার পর সিবিআই বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পায়। এরপর ফাঁদ পেতে অভিযান চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারীর কাছ থেকে ৭৭ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় রোহিত কুমার সিংকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অভিযুক্তের অফিস ও বাসভবনে তল্লাশি চালিয়েছে সিবিআই।

তদন্তকারীরা বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করেছেন। তিনি কোনও বৃহত্তর দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, অথবা এর আগে তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সিবিআই জানিয়েছে, ধৃত শাখা প্রবন্ধককে মঙ্গলবার ধানবাদের সংশ্লিষ্ট আদালতে তোলা হবে। প্রয়োজনে তাঁর হেফাজতের আবেদন জানানো হতে পারে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla