বাঁকুড়া, ২ সেপ্টেম্বর (হি.স.): বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে অকালেই প্রাণ হারালেন এক দম্পতি। বাঁকুড়া জেলার সিমলাপাল থানার দুবরাজপুর পঞ্চায়েতের অন্তর্গত কুশতোড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দম্পতি হলেন পালকু বাস্কে এবং তাঁর স্ত্রী সোমা বাস্কে।
বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে মাটির ঘরে ঘুমোতে গিয়েছিলেন ওই দম্পতি।
বুধবার সকালে প্রতিবেশীরা তাঁদের বাড়ি গিয়ে দেখেন, মাটির দেওয়াল ধসে পড়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মাটির স্তূপ সরিয়ে দম্পতিকে উদ্ধার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় সিমলাপাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই দম্পতির এই অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
