Dailyhunt
বুন্দেসলিগায় তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে নাটকীয় সমতায় ম্যাচ শেষ করল বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগায় তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে নাটকীয় সমতায় ম্যাচ শেষ করল বায়ার্ন মিউনিখ

মিউনিখ, ৩ মে(হি.স.): বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ শনিবার তলানির দল হাইডেনহাইমের সঙ্গে কষ্ট করে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল। নিজেদের মাঠে হাইডেনহাইমের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিক বায়ার্নের। প্রথম ৩০ মিনিটেই দুই গোল খায় তারা।

জর্জিয়ান ফরোয়ার্ড বুদু জিভজিভাদজে ও তুর্কি স্ট্রাইকার এরেন ডিঙ্কচি গোল করে এগিয়ে দেন হাইডেনহাইমকে।

প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৪৪ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান কমান লিওন গোরেটজকা। বিরতির পর ৫৭ মিনিটে তিনি আবার গোল করে দলকে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন কোচ কম্পানি দলের শক্তি বাড়াতে মাঠে নামান কেইন এবং ওলিসেকে। তবে ৭৬ মিনিটে আবারও চমক দেখায় হাইডেনহাইম। নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন জিভজিভাদজে।

শেষ পর্যন্ত জয়ের দ্বারপ্রান্তে থাকা হাইডেনহাইমকে হতাশ করে শেষ মুহূর্তে সমতা ফেরে বায়ার্ন। দূরপাল্লার শট নেন ওলিসে, বল পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।

এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গেছে হাইডেনহাইম।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla