Dailyhunt
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে তালা

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে তালা

শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : দীর্ঘদিন ধরে অচলাবস্থার পর পুনরায় তালাবন্ধ হয়ে পড়েছে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিতরাইপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র। ফলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ, যা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে সরকারি অর্থ ব্যয়ে পিতরাইপাড়ায় একটি উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়।

অভিযোগ, কেন্দ্রটি নির্মাণের আগে জমির মালিককে তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে তিনি জমি দান করেন। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার পরও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উপস্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেন জমির মালিক।

পরবর্তীতে স্থানীয় মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয় এবং কিছুদিন স্বাভাবিকভাবে পরিষেবা চালু ছিল। তবে সাম্প্রতিক সময়ে ফের একই সমস্যার সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে আবারও উপস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে।

জমির মালিকের বক্তব্য, পরিবারের একজনকে চাকরি না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি খোলা হবে না। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান করে স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, ছোটখাটো অসুস্থতার জন্য দূরে যেতে হয়, যা অত্যন্ত ভোগান্তির।

এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, পিতরাইপাড়ায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের। সব মিলিয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত এই অঞ্চলের মানুষ প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla