Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

দার্জিলিংয়ে টয় ট্রেনের লোকোশেডের টিনের ছাউনি ভেঙে আহত ৭, বন্ধ জয় রাইড পরিষেবা

দার্জিলিং, ২ সেপ্টেম্বর (হি.স.): দার্জিলিং রেলস্টেশনের কাছে পুরনো টয় ট্রেনের লোকোশেডের টিনের ছাউনি হঠাৎ ভেঙে পড়ায় আহত হলেন ৭ জন। বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে কাছাকাছি দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের রেলওয়ে হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

রেল সূত্রে খবর, দার্জিলিংয়ের এই পুরনো লোকোশেডে টয় ট্রেনের একাধিক ইঞ্জিন রাখা থাকে। প্রতিদিনের মতো এদিন সকালেও শ্রমিক ও কর্মীরা লোকোশেডের ভিতরে কাজ করছিলেন। আচমকাই টিনের ছাউনি ভেঙে পড়ায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হন। তাঁদের মাথা, পিঠ ও হাতে চোট লেগেছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় লোকোশেডের ভিতরে থাকা একটি টয় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন মেরামতের দায়িত্বে থাকা ফিটারও আহত হয়েছেন। ফলে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন কীভাবে এবং কবে মেরামত করা হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার পর নিরাপত্তার কারণে টয় ট্রেনের জয় রাইড পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রেলকর্মীদের দাবি, ডিআরএম ঘটনাস্থলে না আসা পর্যন্ত লোকোশেডের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করা হবে না। ফলে কবে থেকে ফের জয় রাইড পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla