
আরামবাগ , ০২সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার রাতে গোঘাটের নবাসন এলাকায় বাড়ির ছাদে বজ্রপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে একটি পরিবারে। বুধবার জানা গেছে , নবাসন এলাকার বাসিন্দা জগবন্ধু মুখার্জি ও তাঁর পরিবারের সদস্যরা রাতে বাড়িতে বসে নৈশভোজ করছিলেন। সেই সময় আচমকাই বিকট শব্দে বজ্রপাত হয়।
তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বাইরে বেরিয়ে তাঁরা দেখতে পান, বাড়ির ছাদের একাংশে বজ্রপাতের প্রভাব পড়েছে। ছাদের একটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। ভাঙা অংশের কিছুটা ধসে গিয়ে পাশের বাড়ির অ্যাসবেস্টরের ছাদের উপর পড়ে। এর ফলে পাশের বাড়ির অ্যাসবেস্টরের চালও ভেঙে যায়।
তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বজ্রপাতের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কের পাশাপাশি সমস্যায় পড়েছেন পরিবারটি। বুধবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

