Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গোঘাটে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ পালন, সচেতনতার বার্তা পুলিশের

গোঘাটে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ পালন, সচেতনতার বার্তা পুলিশের

আরামবাগ , ৫ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে 'পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬' উপলক্ষে গোঘাট পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হল। পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করতে বুধবার একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচির সূচনা হয় গোঘাটের কামারপুকুর নতুন বাসস্ট্যান্ড থেকে। এরপর ডাকবাংলো হয়ে পদযাত্রাটি কামারপুকুর চটি পর্যন্ত যায় এবং সেখান থেকে ফিরে ফের কামারপুকুর নতুন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

পদযাত্রায় পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। পথ চলতি মানুষদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এদিন পদযাত্রার পাশাপাশি আয়োজন করা হয় পথনাটিকার। নাটকের মাধ্যমে হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, সতর্কভাবে রাস্তা পারাপার এবং গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ দুর্ঘটনা কমাতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পথ নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার এবং নিজের পাশাপাশি অন্যদের নিরাপত্তার কথাও মাথায় রাখার বার্তা দেওয়া হয়েছে।

সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই পথ দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব-এই বার্তাই এদিনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla