Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গুয়াহাটি-দিল্লির মধ্যে তৈরি হবে চার লেনের রেলপথ : হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি-দিল্লির মধ্যে তৈরি হবে চার লেনের রেলপথ : হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৯ আগস্ট (হি. স.) : অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি বড় ঘোষণা করেছেন। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে তিনি জানান, গুয়াহাটি এবং দিল্লির মধ্যবর্তী রেলপথটিকে চার লেনে উন্নীত করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে অসম ও দেশের অন্যান্য প্রান্তের মধ্যে রেল চলাচলে ব্যাপক গতি আসবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশজুড়ে সাতটি পৃথক রেলপথকে চার লেনে রূপান্তরিত করার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি আরও জানান, সরাইঘাটে দ্বিতীয় রেল সেতু নির্মাণের কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই রেলপথ সম্প্রসারণের পর অসম থেকে দেশের অন্যান্য অংশে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের যাতায়াত অনেক বৃদ্ধি পাবে। এতে রাজ্যের রেল যোগাযোগ যেমন সুদৃঢ় হবে, তেমনই পরিবহন ব্যবস্থাও লাভবান হবে। মুখ্যমন্ত্রীর মতে, রেল নেটওয়ার্কের এই প্রসারের ফলে রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও ব্যবসায়িক কার্যকলাপেও নতুন গতি আসবে।

ইতোমধ্যে নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে অনাবশ্যক রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তোলেন। তিনি বলেন, রাজ্যে বেআইনি দখলদারদের বিরুদ্ধে চালানো উচ্ছেদ অভিযানকে নির্বাচনে প্রধান ইস্যু করার চেষ্টা করছে কংগ্রেস। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, নগাঁও উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস এখন থেকেই রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছে।

কংগ্রেস সাংসদ গৌরব গোগোইকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, গোগোই ধিং অঞ্চলে বাংলাদেশি মূলের বলে কথিত 'মিঞা' সম্প্রদায়ের মানুষদের সংরক্ষণ দেওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, উচ্ছেদ অভিযানকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার বানাতে চাইছে কংগ্রেস এবং বেআইনি দখলদারদের উচ্ছেদ থেকে রক্ষা করার নাম করে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার এই অভিযোগের জবাবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla