
গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : মাদকবিরোধী অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কামরূপ পুলিশের সহযোগিতায় আমিনগাঁওয়ে অভিযান চালিয়ে প্রায় ১.৫০ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে সরাসরি জড়িত অভিযোগে মণিপুরের দুই মহিলা এবং অসমের (রঙিয়া) এক স্থানীয় পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণকুমার পাঠকের নেতৃত্বে আমিনগাঁওয়ে পরিচালিত অভিযানে ১৩টি সাবানের বাক্স থেকে মোট ১৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের এই চালানটি রঙিয়ার ওই পাচারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় মণিপুরের দুই মহিলা এবং রঙিয়ার এক স্থানীয় পাচারকারীকে গ্রেফতার করা রয়েছে। গ্রেফতারকৃতদের দুই মহিলা যথাক্রমে মণিপুরের থউবল জেলার কাকচিং এলাকার বাসিন্দা কন্থা ইংগালাই (৩১) ও মমতাজ বেগম (৩৮) এবং অসমের রঙিয়া থানাধীন খান্ডিগড় এলাকার বাসিন্দা এমডি সাহিল খান (৪৩)।
পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 'নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫' (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অসমে মাদক পাচার চক্র ভাঙতে এসটিএফ অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন পুলিশের জনৈক আধিকারিক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

