Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হাইলাকান্দি জেলায় সেনসাস-২০২৭-এর স্ব-গণনা কার্যক্রমের শুভ সূচনা

চেতনতামূলক প্রচার গাড়ির যাত্রার উদ্বোধন করলেন জেলা আয়ুক্ত

হাইলাকান্দি (অসম), ২ আগস্ট (হি.স.) : সেনসাস-২০২৭-এর স্ব-গণনা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচারাভিযানের শুভ সূচনা করা হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আয়ুক্ত জয় বিকাশ।

জেলা আয়ুক্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা নাড়িয়ে সচেতনতামূলক প্রচার গাড়ির যাত্রার উদ্বোধন করেন। এই প্রচার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে পরিভ্রমণ করে সেনসাস-২০২৭-এর স্ব-গণনা সম্পর্কে জনসাধারণকে অবহিত করবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে স্ব-গণনা সম্পন্ন করতে নাগরিকদের উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত বলেন, জনগণনা একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পোর্টালের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে স্ব-গণনা সম্পন্ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনসাস-২০২৭-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনর্ভা দেবী, অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ, গুয়াহাটি থেকে আগত সেনসাস বিভাগের ডেপুটি ডিরেক্টর রূপ চাঁদ আলি ও বুলেট পরিধা, জেলার বিভিন্ন চক্র আধিকারিক, সেনসাস বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ আগস্ট থেকে ১৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলমান স্ব-গণনা পর্যায়ে নাগরিকরা সরকারি স্ব-গণনা পোর্টাল https://se.census.gov.in-এর মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য স্বয়ং নিবন্ধন করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে সফল করতে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla