Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হাইলাকান্দিতে কৃষকদের মধ্যে হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

হাইলাকান্দি (অসম) ৫ আগস্ট (হি.স.) : কৃষকদের আয় বৃদ্ধি এবং সমন্বিত কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে সিএসএস-আত্মা প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার নির্বাচিত উপভোক্তা কৃষকদের মধ্যে খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা এবং ইন্ডিয়ান মেজর কার্প মাছের পোনা বিতরণ করা হয়।

জেলার বিভিন্ন উন্নয়ন খণ্ডের কৃষকদের মধ্যে এই উপকরণ বিতরণের মাধ্যমে সমন্বিত হাঁস ও মৎস্য চাষকে উৎসাহিত করার পাশাপাশি কৃষির বৈচিত্র্য বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষকদের আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদের উন্নত জাতের হাঁস পালন, পুকুর ব্যবস্থাপনা, সুষম খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধির বিষয়ে কারিগরি পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সরকারি কৃষি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি বিভাগের আধিকারিক, এটিএমএ-র কর্মী এবং উপভোক্তা কৃষকরা উপস্থিত ছিলেন। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বনির্ভর করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কৃষকবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla