Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাইলাকান্দিতে 'মেরা রেশম মেরা অভিমান ২.০'-এর সূচনা

হাইলাকান্দিতে 'মেরা রেশম মেরা অভিমান ২.০'-এর সূচনা

হাইলাকান্দি, (অসম) ৪ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় রেশম বোর্ড (সিএসবি), ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে 'মেরা রেশম মেরা অভিমান (এমআরএমএ ২.০)' কর্মসূচির আওতায় মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা স্টেকহোল্ডার পরামর্শ সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সহকারী রেশম উন্নয়ন অধিকর্তার কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন অংশীজন, রেশম চাষি এবং রেশম দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি শুরুর আগে অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন এবং কেন্দ্রীয় রেশম বোর্ডের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগ জেলা আয়ুক্ত জয় বিকাশের সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। জেলা আয়ুক্ত হাইলাকান্দিতে মুগা রেশম চাষের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে এই খাতের উন্নয়নে প্রশাসন, কৃষক ও সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন বলেন, গ্রামীণ জীবিকার উন্নয়নে এড়ি ও মুগা রেশম চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

কারিগরি অধিবেশনে ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগ জেলার রেশম চাষের বর্তমান অবস্থা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, রোগ ব্যবস্থাপনা এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী কৃষকেরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা এবং সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরেন।

সভায় প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে এমআরএমএ ২.০-এর কর্মপরিকল্পনা, বেসলাইন সমীক্ষা এবং হাইলাকান্দি জেলার জন্য পাঁচ বছর মেয়াদি রেশম উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হবে। এছাড়া আগামী কয়েক মাসে মোহনপুর, বলদাবলদি, হাইলাকান্দিসহ জেলার বিভিন্ন এলাকায় প্রযুক্তি প্রদর্শনী, কৃষক সচেতনতা শিবির, কৃষক মাঠ দিবস এবং দক্ষতা উন্নয়নমূলক আরও আটটি কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় রেশম বোর্ডের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগ এবং হাইলাকান্দির সহকারী রেশম উন্নয়ন অধিকর্তা জগদীশ শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla