Dailyhunt

ইভিএম সংরক্ষণে কড়া নিরাপত্তার দাবি জানিয়ে সিইও-কে কংগ্রেসের চিঠি

লকাতা, ৩ মে (হি.স.): মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কাছে ইভিএম সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে সংশ্লিষ্ট বিষয়ে এক চিঠিতে হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার তা জমা পড়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। উল্লেখ্য, দু'দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার আগে পর্যন্ত ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি যথাযথ নিরাপত্তায় সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। নিরাপত্তায় কোনওরকম গাফিলতি হলে তা ভোটের ফলাফলের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ভোটারদের রায়ের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছে কংগ্রেস।

ওই চিঠিতে বলা হয়েছে, শক্তিশালী সুরক্ষা বলয়ের মধ্যেই 'স্ট্রং রুম' গড়ে সেখানে মেশিনগুলি রাখতে হবে। এর পাশাপাশি, স্ট্রং রুমের ভিতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে। প্রয়োজনে সেই ফুটেজ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের দেখানোর ব্যবস্থা করার আর্জিও জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত কে দত্ত এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। উভয়ের বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন দফতরের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট পরবর্তী সময়ে ইভিএম নিরাপত্তা নিয়ে এমন দাবি নতুন নয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla