Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কেদারনাথ হেলি পরিষেবার টিকিট বুকিং শুরু ৭ সেপ্টেম্বর

কেদারনাথ হেলি পরিষেবার টিকিট বুকিং শুরু ৭ সেপ্টেম্বর

দেহরাদূন, ২ সেপ্টেম্বর (হি.স.): চারধাম যাত্রার দ্বিতীয় পর্বে কেদারনাথ ধামে যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফের শুরু হবে। এর জন্য প্রস্তুতি জোরদার করেছে উত্তরাখণ্ড নাগরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ)। প্রথম দফার টিকিট বুকিংয়ের জানালা ৭ সেপ্টেম্বর খোলার প্রস্তুতি চলছে।

বুধবার ইউসিএডিএ জানিয়েছে, টিকিটের কালোবাজারি বন্ধ করা এবং বুকিং ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে দ্বিতীয় পর্বে ১৫ দিনের মেয়াদ ধরে ধাপে ধাপে টিকিট দেওয়া হবে। এ নিয়ে হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে প্রয়োজনীয় বৈঠক হয়েছে। পাশাপাশি অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এবং আবহাওয়া দফতরের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি, নিরাপত্তা বিধি এবং ডিজিসিএ-র অনুমতি মেনেই হেলি পরিষেবা চালানো হবে। তীর্থযাত্রীদের শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। কেদারনাথ শাটল পরিষেবার টিকিটের জন্য heliyatra.irctc.co.in এবং বদ্রীনাথ শাটল পরিষেবার জন্য helitaxii.com ব্যবহার করতে বলা হয়েছে। অননুমোদিত এজেন্ট বা দালালের কাছ থেকে টিকিট না কেনার জন্যও সতর্ক করা হয়েছে। চারধাম যাত্রার প্রথম পর্বে গুপ্তকাশী, ফাটা ও সিরসি হেলিপ্যাড থেকে আটটি হেলিকপ্টার সংস্থার মাধ্যমে কেদারনাথের উদ্দেশে পরিষেবা চালানো হয়েছিল। ওই পর্বে প্রায় ৬৭ হাজার তীর্থযাত্রী হেলি পরিষেবা নিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla