
আউরাইয়া, ২ সেপ্টেম্বর (হি.স.): মুষলধারে বৃষ্টির জেরে উত্তর প্রদেশের আউরাইয়া জেলার কঞ্চৌসি এলাকায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে কঞ্চৌসি ও সংলগ্ন একাধিক গ্রামের নিচু এলাকা। ঢিকিয়াপুরের নতুন বসতিতে প্রায় ২০ জন মানুষ গত এক সপ্তাহ ধরে জলবন্দি হয়ে রয়েছেন। ঘরে মজুত রেশন ও সবজি শেষ হয়ে যাওয়ায় পরিবারগুলির সামনে দেখা দিয়েছে খাদ্যসংকট।
বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রজেশ বোথম ও তাঁর দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বাড়ির চারপাশে জমে থাকা জলের কারণে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন। দীর্ঘদিন জল জমে থাকায় তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, জলমগ্ন হওয়ার খবর প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত জল নিষ্কাশন বা ত্রাণ পৌঁছে দেওয়ার কোনও কার্যকর ব্যবস্থা করা হয়নি। ক্ষতিগ্রস্ত ব্রজেশ বোথমের দাবি, সহার ব্লকের বিডিও পঞ্চায়েত সচিবালয় পর্যন্ত এলেও তাঁদের সঙ্গে দেখা না করেই ফিরে যান। এরপরও জল বের করার ব্যবস্থা বা খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ।
এদিকে, এলাকার কয়েকশো একর ধানখেত জলের তলায় চলে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলমগ্ন হয়েছে একাধিক রাস্তা, যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সহার ব্লকের বিডিও রাজনারায়ণ পাণ্ডে জানিয়েছেন, দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

