
পূর্ব মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের অন্তর্গত পদিমা-২ গ্রাম পঞ্চায়েতে কোরাম পূরণ না হওয়ায় পঞ্চায়েত বোর্ড গঠনের বৈঠক বুধবার স্থগিত করা হলো। পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে ১৩টিতে তৃণমূল কংগ্রেস এবং তিনটিতে বিজেপি জয়ী হয়েছিল। প্রধান ও উপপ্রধানসহ তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের ইস্তফার পর থেকে পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়ে রয়েছে।
ব্লক প্রশাসন পঞ্চায়েত বোর্ড পুনর্গঠনের জন্য বুধবার এক বিশেষ বৈঠক ডেকেছিল। কিন্তু বৈঠকে তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্যের কেউই উপস্থিত হননি। অন্যদিকে, বিজেপিরও একজন সদস্য বৈঠকে অনুপস্থিত ছিলেন। নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত না থাকায় কোরাম পূরণ করা সম্ভব হয়নি, যার ফলে বৈঠক স্থগিত রাখতে হয়।
রামনগর-১ ব্লকের বিডিও শুভাশিস মজুমদার জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য আবারও বৈঠক ডাকা হবে।
এদিকে, এগরা-র পানি পারুল গ্রাম পঞ্চায়েতে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করেছে। ২৩ সদস্যের পানি পারুল পঞ্চায়েতে তৃণমূলের ১৫ জন এবং বিজেপির আটজন সদস্য রয়েছেন। পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান হঠাৎ পদত্যাগ করায় সেখানেও অচলাবস্থা তৈরি হয়। বুধবার বোর্ড গঠনের জন্য ডাকা বিশেষ বৈঠকে তৃণমূলের কোনো সদস্য উপস্থিত না থাকায় বিজেপির সুতপা পণ্ডিত নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি

