Dailyhunt
ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক ও ভাগচাষিকে দ্রুত ত্রাণ, ক্ষতিপূরণ দিতে দেরি করা হবে না: মুখ্যমন্ত্রী যোগী

ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক ও ভাগচাষিকে দ্রুত ত্রাণ, ক্ষতিপূরণ দিতে দেরি করা হবে না: মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৮ এপ্রিল (হি.স.) : অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষক ও ভাগচাষিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে, এতে কোনও বিলম্ব করা হবে না। বুধবার সকালে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রতিকূল পরিস্থিতিতে কৃষকদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এবং সরকার সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে তাদের পাশে রয়েছে।

তিনি নির্দেশ দেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতির নির্ভুল ও দ্রুত সমীক্ষা করে অবিলম্বে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসনকে রাজস্ব, কৃষি-সহ সংশ্লিষ্ট দফতরের সমন্বয়ে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ত্রাণ বিতরণে দেরি না হয়। পাশাপাশি ফসল ‍বিমা সংক্রান্ত দাবিগুলিও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের বিপর্যয় ত্রাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ত্রাণ শিবির খোলা এবং মান্ডি বা বাজার কমিটির মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে তিনি নির্দেশ দেন, প্রাণহানি বা গবাদিপশুর ক্ষতি হলে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে সরকারি আবাস যোজনার সুবিধাও দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার থেকেই উত্তর প্রদেশের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla