দক্ষিণ দিনাজপুর, ২ সেপ্টেম্বর (হি স)। যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই বার্তাই শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে। হুঁশিয়ারি দিলেন, নিষিদ্ধ কাশির সিরাপের কারবারিদেরও।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশাদ্রব্যের উপর রোড রোলার চালালেন মুখ্যমন্ত্রী।
বুধবার বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনে সাজানো ছিল বাজেয়াপ্ত হওয়া প্রায় দু'লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। সেগুলির উপর দিয়ে রোলার চালান মুখ্যমন্ত্রী। রোলারে তাঁর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
২০২৯ সালের মধ্যে 'নেশামুক্ত ভারত' গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, "ক্ষণিকের নেশা গোটা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে।" এ বার তরুণদের উদ্দেশে নেশামুক্তির ডাক দিলেন শুভেন্দুবাবুও। নিষিদ্ধ কাশির সিরাপের উপর রোলার চালানোর পরে বলেন, "আমার কর্মসূচির প্রথম বার্তা হল- যুবসমাজকে নেশা থেকে বের করে আনতে হবে।"
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
