উত্তর ২৪ পরগনা, ২২ নভেম্বর (হি.স.): রবিবার সকালে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রের খবর, এ দিন সকালে লেবার রুমের ঠিক পাশেই অবস্থিত একটি বন্ধ গুদাম থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে আতঙ্কের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। লেবার রুমের পাশেই আগুন লাগায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। হাসপাতালের সব রোগীই সুরক্ষিত ও সুস্থ রয়েছেন বলে প্রাথমিক খবর। আগুনের উৎস ও কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দমকল আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
