Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিলামবাজারে ৬ হাজার ইয়াবা সহ গ্রেফতার এক

নিলামবাজারে ৬ হাজার ইয়াবা সহ গ্রেফতার এক

শ্রীভূমি (অসম), ৬ মে (হি.স.) : মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফের বড়ো সাফল্য পেল নিলামবাজার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে প্রায় ৬ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা পরিষদ প্রার্থী বিপ্লব দাস বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিলামবাজার থানার একটি বিশেষ দল অভিযান চালায়। দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্যও প্রায় কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই এনডিপিএস আইনের আওতায় আটক করে নিলামবাজার থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের ধারণা, এই পাচারচক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং আন্তঃজেলা বা আন্তঃরাজ্য স্তরেও এর যোগসূত্র থাকতে পারে।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। এই ধরনের বেআইনি কারবারের সঙ্গে যুক্তদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।" তিনি আরও বলেন, ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশ তার হেফাজতের আবেদন জানাতে পারে। উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক সময়ে শ্রীভূমি জেলায় মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে একাধিক সাফল্য মিলেছে। এর ফলে একদিকে যেমন পাচারচক্রের ওপর চাপ বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla