Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নিলামবাজারের অটো চোর গ্রেফতার কালিগঞ্জে

নিলামবাজার (অসম), ১ আগস্ট (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত নিলামবাজার থানাধীন রুপারগুল গ্রামে অটোচুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে ঘোড়ামারা এলাকার ব্রাহ্মণশাসন গ্রামের বাসিন্দা জনৈক গোপালরঞ্জন রায়ের ছেলে পূর্ণমাদিত্য রায় বলে পরিচয় পাওয়া গেছে।

অভিযোগ, শ্যামনগর এলাকা থেকে একটি অটো চুরি করে নিয়ে যাওয়ার পর পূর্ণমাদিত্য রায় কালিগঞ্জ এলাকার জনৈক ব্যক্তির কাছে যান।

সেখানে সে দাবি করেন, তাঁর বোন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি। তাই জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। এই অজুহাতে সে চুরিকৃত অটোটি ৪০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেয়।

বিশ্বাস করে ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৩০ হাজার টাকা দেন। অভিযুক্ত জানায়, পরেরদিন সকালে বাকি ১০ হাজার টাকা গ্রহণ করে সে অটোর চাবি হস্তান্তর করবে।

তবে ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ক্রেতা-ব্যক্তি জানতে পারেন, অটোটি চুরি করে তাঁর কাছে বিক্রি করা হয়েছে। এর পর তিনি দ্রুত অটোটির প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে পরের দিন সকালে নিজের বাড়িতে আসতে বলেন।

পরের দিন সকালে অভিযুক্ত বাকি ১০ হাজার টাকা নিতে এলে আগে থেকেই সেখানে উপস্থিত লোকজন হাতেনাতে আটক করেন পূর্ণমাদিত্যকে। পরে তাকে কালিগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্ৰেফতার করে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla