Dailyhunt
পশ্চিমবঙ্গের জনতা বিজেপির ষড়যন্ত্র বুঝে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের জনতা বিজেপির ষড়যন্ত্র বুঝে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল (হি.স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিজেপির "ডাবল ইঞ্জিন সরকার" স্লোগানকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপির আসল "ডাবল ইঞ্জিন" চলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অপব্যবহার এবং স্থানীয় এজেন্টদের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ওপর ভিত্তি করে।

সোশ্যাল মিডিয়ায় জারি করা এক বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপির একটি ইঞ্জিন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে ব্যস্ত। তিনি অভিযোগ তোলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে আসল ভোটারদের নাম বাদ দেওয়া, সৎ আধিকারিকদের বদলি করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে অস্থির করা এবং বহিরাগতদের এনে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

অভিষেক আরও বলেন, বিজেপির দ্বিতীয় ইঞ্জিনটি স্থানীয় এজেন্ট নিয়োগ করে সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার কাজ করছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম), ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং আজাদ ইউনাইটেড পার্টির মতো সংগঠনগুলিকে ব্যবহার করে ভোট ভাগাভাগি ও অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যাতে বিজেপি নির্বাচনী ফায়দা তুলতে পারে। তৃণমূল নেতার দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এই "নোংরা খেলা" পুরোপুরি বুঝে গিয়েছেন এবং রাজ্যের জনতা বিজেপির এই রণকৌশল সফল হতে দেবে না।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, বাংলার মানুষ "মা-মাটি-মানুষ"-এর সরকারকেই ফের বেছে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, রাজ্যে এমন সরকার তৈরি হবে যা হবে "জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য", এমন কোনও সরকার নয় যা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন। তিনি বলেন, বাংলার মানুষ ইতিপূর্বেই স্থির করে ফেলেছেন যে তাঁরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থের রাজনীতিকেই সমর্থন করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla