Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হলেন প্রবীণ আইনজীবী সুরোজিত নাথ মিত্র

পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হলেন প্রবীণ আইনজীবী সুরোজিত নাথ মিত্র

কলকাতা, ২৯ মে (হি.স.) : প্রবীণ আইনজীবী সুরোজিত নাথ মিত্রকে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল (মহাধিবক্তা) পদে নিযুক্ত করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার তাঁর এই নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের বিদায়ী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর কিশোর দত্ত নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর পদত্যাগের পর থেকেই রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কে হতে চলেছেন, তা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল।

সুরোজিত নাথ মিত্র ১৯৮৩ সালের মার্চ মাস থেকে ওকালতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আইন ক্ষেত্রে তাঁর চার দশকেরও বেশি সময়ের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। মূলত দেওয়ানি (সিভিল) এবং বাণিজ্যিক (কমার্শিয়াল) মামলার বিশেষজ্ঞ হিসেবে তিনি আইন মহলে বিশেষভাবে পরিচিত।

নিজের দীর্ঘ আইনি কর্মজীবনে তিনি বহু কর্পোরেট সংস্থা এবং বেসরকারি পক্ষের হয়ে আদালতে সওয়াল করেছেন। ২০২৩ সালে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় তিনি রাজ্যপালের (যিনি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যও বটে) পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন। এছাড়া বহু বাণিজ্যিক বিবাদের ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারী (আর্বিট্রেটর)-র ভূমিকাও পালন করেছেন। আইনি ক্ষেত্রে তাঁর এই অগাধ অভিজ্ঞতা ও দক্ষতাকে বিবেচনা করে সুরোজিত নাথ মিত্রের এই নিয়োগকে পশ্চিমবঙ্গ সরকারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla