Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

পথ নিরাপত্তা সপ্তাহে সোনারপুর ট্রাফিক গার্ডের সচেতনতামূলক উদ্যোগ, সরব পড়ুয়ারা

বারুইপুর, ৫ আগস্ট (হি. স.): পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল সোনারপুর ট্রাফিক গার্ড। বুধবার লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

দিনের শুরুতে স্কুল প্রাঙ্গণে পথ নিরাপত্তা বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি অডিও-ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ট্রাফিক আইন, সড়কে চলাচলের নিয়ম এবং দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে পড়ুয়াদের বিস্তারিতভাবে সচেতন করা হয়। অনুষ্ঠানে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব এবং নিরাপদ সড়ক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন পুলিশ আধিকারিকরা।

পরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পথ নিরাপত্তা সচেতনতা পদযাত্রা বের হয়। হাতে প্ল্যাকার্ড ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং হেলমেট ব্যবহারের আহ্বান জানায়।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের স্কুলের ছাত্রছাত্রীদের হাত দিয়ে হেলমেট পরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে সবসময় হেলমেট ব্যবহার করার আবেদন জানানো। এই ব্যতিক্রমী উদ্যোগ পথচারী ও যানবাহন চালকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম), সোনারপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর সুজয় ঘোষ, ওসি সুকান্ত পুরকাইত, এমডি গিয়াস উদ্দিন, সোনারপুর ট্রাফিক গার্ড ও বারুইপুর পুলিশ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং বহু ছাত্রছাত্রী।

পুলিশের দাবি, পথ নিরাপত্তা সপ্তাহের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছোটদের মধ্যে অল্প বয়স থেকেই ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দেওয়া। এমন উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশাবাদী আয়োজকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla