Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

'প্রত্যর্পণ' প্রকল্পে আরও ৫৪৫টি হারানো মোবাইল ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ

ঝাড়গ্রাম, ৫ আগস্ট (হি. স.): হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশের 'প্রত্যর্পণ' প্রকল্পের আওতায় বুধবার আরও ৫৪৫টি উদ্ধার হওয়া মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশের উদ্যোগে এদিন প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর জেলার মোট ৯টি থানায় একযোগে মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত প্রযুক্তিগত অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মোট ৪ হাজার ৯৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৭ লক্ষ ৬৯ হাজার টাকা। বুধবার যে ৫৪৫টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে, সেগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ লক্ষ ৭৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুধু ঝাড়গ্রাম জেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা এবং অন্যান্য রাজ্য থেকেও উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেগুলি ফেরত দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের দাবি, 'প্রত্যর্পণ' প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে চলছে। এই উদ্যোগে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও বৃদ্ধি পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla