Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রয়াগরাজে কমছে গঙ্গা-যমুনার জলস্তর, কাটল বন্যার আশঙ্কা

প্রয়াগরাজে কমছে গঙ্গা-যমুনার জলস্তর, কাটল বন্যার আশঙ্কা

প্রয়াগরাজ, ২ সেপ্টেম্বর (হি.স.) : গত ২৪ ঘণ্টায় প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তর কমেছে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আপাতত বন্যার আশঙ্কা কাটছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার সকাল পর্যন্ত জেলার সমস্ত নদীবাঁধ নিরাপদ রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফাফামউ এলাকায় গঙ্গার জলস্তর দাঁড়িয়েছে ৮২.৮৬ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমেছে।

ছতনাগে গঙ্গার জলস্তর ১০ সেন্টিমিটার কমে হয়েছে ৮১.৮৭ মিটার।

অন্যদিকে, নৈনি এলাকায় যমুনার জলস্তর ১৯ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ৮২.২০ মিটার। বকশী বাঁধ এলাকার এসটিপি-তেও জলস্তর ৯ সেন্টিমিটার কমে হয়েছে ৮২.৪০ মিটার।

প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার বিপদসীমা ৮৪.৭৩৪ মিটার। বর্তমানে সর্বোচ্চ জলস্তর ফাফামউ এলাকায় ৮২.৮৬ মিটার, যা বিপদসীমার প্রায় ১.৮৭ মিটার নিচে রয়েছে। ফলে এই মুহূর্তে বন্যার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন।

বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিখিল প্রসাদ জানিয়েছেন, দুই নদীর জলস্তরই কমছে এবং সমস্ত নদীবাঁধ নিরাপদ রয়েছে। বৃষ্টির পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক রাখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla