
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : পূর্ব রেলের সাপ্তাহিক কর্মদক্ষতা পর্যালোচনা বৈঠকে নিরাপত্তা সচেতনতার নজির গড়া দুই রেলকর্মীকে সম্মানিত করলেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। মঙ্গলবার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার এবং সমস্ত প্রিন্সিপাল হেড অফ ডিপার্টমেন্টস।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশনের ডিআরএমরা।বৈঠকে যাত্রী স্বাচ্ছন্দ্য, পরিষেবা এবং ট্রেন চলাচলের নিরাপত্তা আরও বাড়ানোর বিষয়ে জোর দেন জিএম। পাশাপাশি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়।এ দিন পয়েন্টসম্যান-বি উত্তম সিংহকে প্রশংসাপত্র দেওয়া হয়। তাঁর সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের ফলে ৫৩৪০৮ ডাউন প্যাসেঞ্জার ট্রেনকে ঘিরে সম্ভাব্য গুরুতর বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।অন্যদিকে, কী-ম্যান পেট্রোলিংয়ের সময় কোপাই-আহমদপুর সেকশনের একটি সুইচ এক্সপ্যানশন জয়েন্টে (SEJ) সূক্ষ্ম চিড় নজরে আনায় TM-I বিশ্বজিৎ মালকেও সম্মানিত করা হয়।পূর্ব রেলের বক্তব্য, কর্মীদের এমন সতর্কতা এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমেই রেল পরিষেবায় নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষ আরও জোরদার করা সম্ভব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

