Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

রক্ষী হারিয়ে অনুব্রত এখন কার্যত গৃহবন্দি

বীরভূম, ২ জুন (হি স)। একসময় যে নেতাকে ঘিরে ব্যস্ততা ছিল তুঙ্গে, রক্ষী হারিয়ে তিনি এখন কার্যত গৃহবন্দি। প্রতিদিনের মতো মঙ্গলবারও তাঁর কাটল পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

অনুব্রত মণ্ডলের ওয়াই প্লাস নিরাপত্তায় ১০ জন দেহরক্ষী ছিলেন। সামনে পিছনে পাইলট গাড়ি। বাড়িতে চারজন পুলিশ কর্মী থাকতেন।

কয়েক দিন আগে ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। ছিলেন শুধু দুজন দেহরক্ষী, বাড়িতে একজন পুলিশ কর্মী। সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত কার্যত গৃহবন্দি। যদিও এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ভোটের ফল বেরোনোর পরও নিয়মিত যেতেন দলীয় কার্যালয়ে। বিকেল সাড়ে চারটের পর এসে ঘণ্টা দুয়েক থাকতেন। তারপর বাড়ি ফিরতেন। কিন্তু নিরাপত্তা তুলে নেওয়ার পর আর পার্টি অফিসমুখো হননি তিনি। বোলপুরের চণ্ডিদাস রোডের জেলার দলীয় কার্যালয় কার্যত ফাঁকা।

প্রসঙ্গত, এবার বীরভূমে বিধানসভা নির্বাচন অনুব্রত মণ্ডল ও জেলা কোর কমিটির রণকৌশল মেনেই পরিচালিত হয়েছিল। কিন্তু ফলাফল প্রত্যাশামাফিক হয়নি। জেলার ১১টি বিধানসভার মধ্যে ৬টিতেই জয় পেয়েছে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla