Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সবুজ- মেরুন শিবিরে মোহনবাগান দলে নতুন মুখ

সবুজ- মেরুন শিবিরে মোহনবাগান দলে নতুন মুখ

কলকাতা ১ আগস্ট (হি. স.) : শনিবার সবুজ মেরুনের শিবিরে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে নতুন ঠিকানা হল ভারতের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতের। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে যোগ দিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। ভারতীয় ফুটবলে 'মিজো ফ্ল্যাশ' নামে পরিচিত ছাংতে গত চার মরসুমে মুম্বই সিটি এফসির হয়ে ৯১ ম্যাচে ৩০ গোল করেছেন।

জিতেছেন আইএসএল লিগ শিল্ডও। দেশের জার্সিতে ৫৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯। দ্রুত গতি, ডান দিক থেকে ভিতরে কেটে এসে গোল করার দক্ষতা এবং আক্রমণভাগে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ।

চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, ছোটবেলা থেকেই মোহনবাগানের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও দেশের ঐতিহ্যবাহী ও সফলতম ক্লাবের টানেই তিনি সবুজ-মেরুনকে বেছে নিয়েছেন। তাঁর কথায়, মোহনবাগানে না খেললে ফুটবলজীবন অপূর্ণ থেকে যেত। যুবভারতীতে প্রতিপক্ষের ফুটবলার হিসেবে খেলতে নেমে সমর্থকদের আবেগ ও উন্মাদনা তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

নতুন দলে জায়গা পেতে মনবীর সিংহ, লিস্টন কোলাসোদের মতো ফুটবলারের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত ছাংতে। তাঁর বিশ্বাস, শক্তিশালী দল গড়েছে মোহনবাগান এবং সব ট্রফি জয়ের সামর্থ্য রয়েছে। কলকাতা ডার্বি খেলতে মুখিয়ে থাকা এই তারকা বলেন, ভারতীয় ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী ম্যাচে জয়ের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla