Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

সাত দিন বিদ্যুৎহীন গোটা গ্রাম, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

Hindusthan Samachar 4 months ago

বালুরঘাট, ৩০ মে (হি.স.) : তীব্র গরমের মধ্যে টানা সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, ছিঁড়ে গিয়েছে তার। এমনকি বিকল হয়ে পড়েছে এলাকার ট্রান্সফরমারও। অভিযোগ, দীর্ঘ এক সপ্তাহ কেটে গেলেও বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে স্থায়ীভাবে এই সমস্যার কোনও সমাধান করা হয়নি।

এর জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধ্য কামারপাড়া এলাকার বাসিন্দারা। এরই প্রতিবাদে শনিবার কামারপাড়া এলাকায় অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগের ঝড়-বৃষ্টিতে মধ্য কামারপাড়া এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তীব্র দাবদাহের মধ্যে টানা সাত দিন বিদ্যুৎ না থাকায় কার্যত নরকযন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার আবালবৃদ্ধবনিতা। পানীয় জলের সংকট থেকে শুরু করে চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরাও। বিদ্যুৎ দফতরে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।

অবশেষে বাধ্য হয়ে এদিন সকাল থেকেই বাঁশ দিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেন গ্রামবাসীরা। রাস্তার ওপর বসে চলে বিক্ষোভ প্রদর্শন। জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দু'পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও পুলিশের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla