Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শিক্ষা, ক্রীড়া ও পর্যটনে জোর, এনসিএইচএসি-র ১,২৩২ কোটি টাকার বাজেট

শিক্ষা, ক্রীড়া ও পর্যটনে জোর, এনসিএইচএসি-র ১,২৩২ কোটি টাকার বাজেট

হাফলং (অসম), ৪ আগস্ট (হি স) : শিক্ষা, ক্রীড়া, যুব ক্ষমতায়ন, পর্যটন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ১,২৩২ কোটি টাকার বাজেট পেশ করেছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। মঙ্গলবার হাফলংয়ে পরিষদের বিশেষ বাজেট অধিবেশনে অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন এই বাজেট পেশ করেন।

পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাবকে সমর্থন জানান।

বাজেটে স্টেট ওনড প্রায়োরিটি ডেভেলপমেন্ট (এসওপিডি) প্রকল্পের অধীনে সাধারণ খাতের জন্য ৮৮৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ কর্মচারীদের বেতন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে। এবারের বাজেটের অন্যতম উল্লেখযোগ্য ঘোষণা হলো মেম্বার অব অটোনোমাস কাউন্সিল (এমএসসি) এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড চালু করা। এই তহবিলের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা পরিষদের প্রতিটি নির্বাচনী এলাকায় স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। এছাড়া পরিষদের কর্মচারীদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি এবং অন্যান্য চাকরি-সংক্রান্ত পাওনা মেটাতে প্রতিষ্ঠা ব্যয়ের আওতায় ২৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাসহ পরিষদের বিভিন্ন কর্মচারীর বকেয়া পরিশোধে ব্যয় করা হবে। বাজেট উপস্থাপনকালে দনপাইনন থাওসেন বলেন, অসম সরকারের ধারাবাহিক সহযোগিতায় পরিষদের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে এবং আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নতুন গতি এসেছে।

অধিবেশন শেষে সাংবাদিকদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা জানান, বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করে ডিমা হাসাওয়ের সার্বিক উন্নয়নই পরিষদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, কর ব্যবস্থা, ভূমি রাজস্ব এবং বনসম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগও জোরদার করা হবে। তিনি আরও জানান, নতুন বাজেটে শিক্ষা, ক্রীড়া, যুব ক্ষমতায়ন এবং পর্যটন ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো এবং ডিমা হাসাওয়ের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করাই এই বাজেটের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla