
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি শ্রীল প্রভুপাদের আধ্যাত্মিক অবদানের কথা স্মরণ করেছেন।
এ দিন সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে॥
ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য, বিশ্বব্যাপী 'হরেকৃষ্ণ' মন্ত্রের প্রচারক, শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জীর ১৩০ তম জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।
শ্রীল প্রভুপাদ ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। গুরুর নির্দেশেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও বৈদিক জ্ঞানের প্রচারকে নিজের জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করেন।
১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন এবং ১৯৬৬ সালে নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রতিষ্ঠা করেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশে কৃষ্ণভক্তির বার্তা ছড়িয়ে দেন। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতম-সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থের মাধ্যমে তিনি সর্বসাধারণের মধ্যে কৃষ্ণভক্তির বাণী পৌঁছে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

