
নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেসের অভিযোগ, উত্তরপত্র স্ক্যানিং ও সংরক্ষণ ব্যবস্থায় গাফিলতির ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। যদিও এই বিষয়ে এখনও সিবিএসই বা কেন্দ্র সরকারের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।
রবিবার এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং প্রায় ২০ লক্ষ শিক্ষার্থীর গোপনীয়তার সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তাঁর অভিযোগ, উত্তরপত্র ডিজিটাইজেশনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা 'কোয়েম্পট'-কে চুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত শর্ত পরিবর্তন করা হয়েছিল, যার ফলে সংস্থাটি বিশেষ সুবিধা পেয়েছিল।
জয়রাম রমেশ আরও দাবি করেন, প্রকাশ্যে আসা কিছু উত্তরপত্রে কাগজ ভাঁজের দাগ এবং ছায়াচিত্রের মতো চিহ্ন দেখা গিয়েছে। তাঁর মতে, এই ধরনের চিহ্ন সাধারণত মোবাইল ফোনে তোলা ছবিতে দেখা যায়, উচ্চমানের স্ক্যানিং যন্ত্রে নয়। সেই কারণেই উত্তরপত্র স্ক্যানিংয়ের ক্ষেত্রে নির্ধারিত প্রযুক্তিগত মান বজায় রাখা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
কংগ্রেসের বক্তব্য, বিষয়টি শুধু পরীক্ষার প্রশাসনিক ত্রুটি নয়; বরং শিক্ষার্থীদের সংবেদনশীল তথ্য সুরক্ষার সঙ্গেও জড়িত। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্তাদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
প্রসঙ্গত, সিবিএসই-র উত্তরপত্র মূল্যায়ন ও ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশ্ন উঠেছে। তবে অভিযোগগুলির সত্যতা এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনও কোনও সরকারি তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

