
কলকাতা, ২৯ মে (হি.স.) : পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের চার বারের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ফের একবার সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১ জুন দুপুর নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন পুরসভায় কোটি কোটি টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত আর্থিক তছরুপ (মানি লন্ডারিং) মামলার তদন্তের স্বার্থেই রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গত ১৫ মে ইডি তাঁকে তলব করেছিল এবং সেদিন প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ২৫ মে-ও তাঁকে ফের ডাকা হয়েছিল, কিন্তু সেবার তিনি হাজিরা দেননি।
গত ১৫ মে প্রথমবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে রথীন ঘোষ সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, কী কারণে তাঁকে সমন পাঠানো হয়েছে তা তিনি জানেন না। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় তিনি সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।
উল্লেখ্য, এই একই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু বর্তমানে ইডি-র হেফাজতে রয়েছেন। বিভিন্ন পুরসভার এই কথিত নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর ভূমিকা নিয়েও জোরদার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
প্রসঙ্গত, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার প্রোমোটার অয়ন শীলের আবাসে তল্লাশি চালানোর সময় ইডি-র হাতে এই পুর নিয়োগ দুর্নীতির প্রথম সূত্রটি আসে। অয়ন শীলের বাড়িতে ওই তল্লাশি মূলত স্কুল নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসেবে করা হয়েছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই -ও এই মামলায় একটি সমান্তরাল তদন্ত শুরু করে। তদন্ত এগোতেই এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কোন কোন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি

