Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা পুলিশের

পূর্ব বর্ধমান, ৩১ মে (হি.স.): রবিবার সাতসকালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আচমকা হানা দিল পুলিশ। পূর্বস্থলী থানার এই আকস্মিক হানায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল ও ক্রীড়াসামগ্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদিকপাড়ায় প্রাক্তন বিধায়কের বাড়িতে অভিযান চালিয়ে ২৭৫টি ত্রাণের ত্রিপল, ২০টি ফুটবল এবং ১৪টি ভলিবল উদ্ধার করা হয়েছে।

সরকারি ত্রাণের সামগ্রী এবং ক্রীড়াদফতরের বল কেন তাঁর বাড়িতে মজুত করে রাখা হয়েছিল, সে বিষয়ে সদুত্তর না মেলায় জিজ্ঞাসাবাদের জন্য তপন চট্টোপাধ্যায়কে থানায় নিয়ে যাওয়া হয়। তপন চট্টোপাধ্যায়কে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন সেখানে জড়ো হন স্থানীয় বিজেপি কর্মীরা। প্রাক্তন বিধায়ককে দেখা মাত্রই তাঁরা 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন।

উল্লেখ্য, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিনতপনবাবুর বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হওয়া সরকারি ত্রিপল ও ক্রীড়াসামগ্রী কী কারণে তিনি মজুত করেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla