Dailyhunt
উজ্জয়িনীতে ভাঙলো তিনতলা বাড়ি, হতাহতের খবর নেই

উজ্জয়িনীতে ভাঙলো তিনতলা বাড়ি, হতাহতের খবর নেই

উজ্জয়িনী, ৭ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে সোমবার রাতে গাবি হনুমান এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। তবে স্থানীয়দের তৎপরতায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই বাড়িটি একদিকে হেলে পড়তে শুরু করে।

বিপদের আশঙ্কায় বাসিন্দারা দ্রুত রাস্তা ফাঁকা করে দেন এবং বাড়ির সামনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। সময়মতো সতর্ক হওয়ায় বহু মানুষের প্রাণ রক্ষা পায়।

ঘটনাস্থলটি মহাকাল মন্দিরের দিকে যাওয়ার প্রধান সড়ক সংলগ্ন এলাকায়। ওই এলাকা দিয়ে গোপাল মন্দির, শিপ্রা নদী এবং মহাকাল মন্দিরে যাতায়াত করেন ভক্তরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে এবং কোনও হতাহতের খবর নেই। স্থানীয়দের অভিযোগ, রাস্তা চওড়া করার কাজ এবং নালা খননের ফলে আশপাশের বাড়িগুলির ভিত দুর্বল হয়ে পড়েছিল। যদিও পুরসভার দাবি, ভগ্নপ্রায় বাড়িটি আগে থেকেই চিহ্নিত ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েই অপসারণের কাজ চলছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla