Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উত্তর প্রদেশের প্রতাপগড়ে বাড়ি ভেঙে বিপর্যয়, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

উত্তর প্রদেশের প্রতাপগড়ে বাড়ি ভেঙে বিপর্যয়, মর্মান্তিক মৃত্যু ৬ জনের

প্রতাপগড়, ৬ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায় জরাজীর্ণ বাড়ি ভেঙে বিপর্যয়। বৃহস্পতিবার ভোররাতে মাহুলি গ্রামে একটি জরাজীর্ণ বাড়ি ভেঙে ৬ জন প্রাণ হারিয়েছেন। সিটি সার্কেল অফিসার সন্তোষ মিশ্র জানান, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ২টো নাগাদ কোতোয়ালি নগর থানায় খবর আসে, মাহুলি গ্রামে বহু পুরানো একটি বাড়ি ভেঙে পড়ে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ ও দমকল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একই পরিবারের ৬ সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রের খবর, বাড়িটি প্রমোদ শ্রীবাস্তব নামে এক ব্যক্তির। প্রায় ১০০ বছরের পুরনো বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে তাঁরা যখন ঘুমিয়েছিলেন, সেই সময় ছাদ ভেঙে পড়ে। প্রমোদের এক ছেলে কোনও মতে বেরিয়ে আসতে পারলেও পরিবারের বাকি সদস্যরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। পুলিশ ও দমকল কর্মীদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রমোদ-সহ ৬ জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla