Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উত্তরবঙ্গের চা শিল্প নিয়ে উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক

উত্তরবঙ্গের চা শিল্প নিয়ে উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক

শিলিগুড়ি, ২ জুন (হি.স.): উত্তরবঙ্গের চা শিল্পের বিকাশ, বন্ধ ও রুগ্ন চা বাগানগুলির সমস্যার সমাধান এবং শ্রমিকদের কল্যাণ নিয়ে মঙ্গলবার মিনি সচিবালয় 'উত্তরকন্যা'-য় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চা শিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের সমস্যা এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দীর্ঘ দিন ধরে বন্ধ ও রুগ্ন থাকা চা বাগানগুলির ভবিষ্যৎ, শ্রমিকদের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলিকে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, উত্তরবঙ্গের চা শিল্পের সামগ্রিক বিকাশই আমাদের মূল লক্ষ্য। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের চা শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় বরাদ্দ ১,০০০ কোটি টাকার মধ্যে প্রায় ৩১৩ কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রস্তাব না পাঠানোর কারণে খরচ করা সম্ভব হয়নি। তবে তিনি আশ্বাস দেন, এই অর্থ শীঘ্রই চা বাগান শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে।

সাংসদ কঠোর বার্তা দিয়ে আরও বলেন, কোনও চা বাগান বন্ধ থাকবে না। সমস্ত বন্ধ বাগান দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হবে। চা বাগানের জমিতে হোটেল তৈরির চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, সেখানে শুধু চায়ের চাষই হবে। আগামী দিনে এই বিষয়ে আরও বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলেও তিনি জানান।

এই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক বিশাল লামা সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়াও টি বোর্ডের কর্মকর্তা এবং প্রশাসনিক প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla