বাঁকুড়া, ২৯ মে (হি. স.) : ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত, বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাঁকুড়া জুড়ে।
এদিন সকালে বাঁকুড়া শহরের পোদ্দারপাড়া-যুগীপাড়া সংযোগস্থলে স্থাপিত রামানন্দ চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্টজনেরা।
দিনটি সাংবাদিক দিবস হিসেবেও পালন করা হয়। সাংবাদিকরা ব্যাজ পরিধান করে পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মভিটা এবং সতীঘাটে প্রেস ক্লাবের কার্যালয় 'রামানন্দ ভবন'-এর সামনে স্থাপিত মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অন্যদিকে, বিষ্ণুপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিষ্ণুপুরে রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয়।
এছাড়াও জয়পুরে রামানন্দ চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট
