Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডেঙ্গু রুখতে কলকাতায় 'স্পেশাল ড্রাইভ', মেট্রো স্টেশন থেকে রেল আবাসন-চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ডেঙ্গু রুখতে কলকাতায় 'স্পেশাল ড্রাইভ', মেট্রো স্টেশন থেকে রেল আবাসন-চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে এ বার যৌথ ভাবে ময়দানে কলকাতা পুরসভা ও মেট্রো রেল। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে 'স্পেশাল ড্রাইভ', যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। পুরসভা ও মেট্রো কর্তৃপক্ষের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কোথায় চলবে অভিযান?

শহরের সমস্ত মেট্রো স্টেশন ও সংলগ্ন এলাকা, দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশন ও ট্রেনের কারশেড এবং রেল আবাসন এলাকায় অভিযান চালানো হবে। পরিত্যক্ত জমি বা প্রাঙ্গণে ঝোপঝাড়ের মধ্যে জল জমে থাকলে বা জল জমার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জমির মালিককে নোটিস দেওয়া হবে।

- বিজ্ঞাপন -

পুরসভার ধারা ৪৯৬ অনুযায়ী এই নোটিস দেওয়ার কথা জানানো হয়েছে।

আবর্জনা ফেললে জরিমানা, আরও কড়া বার্তা

নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বা যত্রতত্র নোংরা ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রকাশ্যে থুথু বা আবর্জনা ফেলার ক্ষেত্রেও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। অভিযুক্তকে দিয়ে সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার করানোর পাশাপাশি সেই কাজের ছবি বা ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কথাও বলা হয়েছে।

'গণআন্দোলন করতে হবে', বার্তা মন্ত্রীর

অগ্নিমিত্রা পাল বলেন, ডেঙ্গু নির্মূল শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষকে সচেতন হয়ে বাড়ি, ছাদ বা টবে জল জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখতে হবে। তাঁর কথায়, 'এটা কেবল সরকারের একার লড়াই নয়, একে গণআন্দোলনে পরিণত করতে হবে।'

পুরসভা জানিয়েছে, এই অভিযান শুধু কয়েক দিনের জন্য নয়। আগামী দিনেও বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হবে। সেচ দফতর ও পূর্ত দফতরের মতো বিভাগের সহযোগিতায় রাজ্যজুড়েও এমন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। শুধু প্রশাসনিক নজরদারি নয়, ডেঙ্গু রুখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণকেই এই অভিযানের অন্যতম লক্ষ্য করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Khabar Online